সুন্দরবনে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নমির তালুকদার (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নমির সুন্দরবনে অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত।
নিহত নমির তালুকদারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের অর্জুনবহর গ্রামে। আজ রোববার ভোর চারটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পূর্ব পাড়ে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশে তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক বলেন, ‘গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের অর্জুনবহর বাজার থেকে সুন্দরবনের বনদস্যু নমির তালুকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে শরণখোলা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে অস্ত্রভান্ডারের কথা স্বীকার করে। ভোর চারটার দিকে পুলিশ তাকে নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পূর্ব পাড়ে যায়। এ সময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে নমির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
ওসি কাজী আব্দুস সালেক আরও বলেন, ‘নমিরের বিরুদ্ধে খুলনার দাকোপ, বাগেরহাট মডেল এবং শরণখোলা থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজির অন্তত আটটি মামলা রয়েছে। সে সুন্দরবনের শীর্ষ ওরফে রেজাউল বাহিনীর অন্যতম সদস্য। শীর্ষ বাহিনী থেকে বেরিয়ে এসে নিজ নামে বাহিনী গঠন করে সুন্দরবনে দস্যুতা চালিয়ে আসছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’