সুন্দরবনে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে গতকাল রোববার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নমির তালুকদার (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি সুন্দরবনের শীর্ষ ওরফে রেজাউল বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। পরে নিজেই একটি বাহিনী গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তবে তাঁর পরিবার বলছে, তিনি বনদস্যু নন।
নিহত নমির বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের অর্জুনবহর গ্রামের প্রয়াত সুলতান তালুকদারের ছেলে। নমিরের স্ত্রী পারুল বেগম বলেছেন, তাঁর স্বামী বনদস্যু নন। আগে বনজীবী হিসেবে তিনি সুন্দরবনে যেতেন। কয়েক বছর ধরে তিনি সুন্দরবনে যাননি। বাগেরহাটেই থাকতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেকের ভাষ্যমতে, গত শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার বেমরতা ইউনিয়নের অর্জুনবহর বাজার থেকে সুন্দরবনের বনদস্যু নমির তালুকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শরণখোলা থানায় জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রভান্ডারের কথা স্বীকার করেন। পরে গতকাল ভোররাত চারটার দিকে তাঁকে নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পূর্ব পাড়ে অস্ত্র উদ্ধারে গেলে তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে নমির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বিরুদ্ধে খুলনার দাকোপ, বাগেরহাট মডেল ও শরণখোলা থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।
ওসি বলেন, বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, নমির শীর্ষ বাহিনী থেকে বেরিয়ে এসে নিজ নামে একটি বাহিনী গড়ে তুলে সুন্দরবনে দস্যুতা চালিয়ে আসছিলেন। তাঁর লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।