সুন্দরবনে ফের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলার কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার সকালে নতুন করে আগুন জ্বলতে দেখা গেছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে ও বাগেরহাটের মোরেলগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ারম্যান মো. কায়েসুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গঠিত সুন্দরবন বিভাগের তদন্ত দল গতকাল থেকে কাজ শুরু করেছে।ঘটনাস্থল থেকে মো. কায়েসুজ্জামান জানান, সোমবার সারা দিন তাঁরা পাম্পের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেন। সন্ধ্যায় তাঁরা যখন ঘটনাস্থল ত্যাগ করেন, তখন সেখানে কোনো আগুন ছিল না। গতকাল সকালে আবার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে তিনি সুন্দরবনে যান। আগুনে জ্বলতে থাকা চার-পাঁচটি স্থান শনাক্ত করে পানি ছিটিয়ে তা নেভানো হয়। মিহির কুমার দে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে গতকাল দুপুরে ঘটনাস্থলে যান। তিনি বলেন, অন্তত সাত দিন পর্যবেক্ষণের পর আগুন সম্পূর্ণ নিভল কি না, তা নিশ্চিত করে বলা যাবে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং তা আর বাড়ার আশঙ্কা নেই। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলা এলাকায় গত শনিবার আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচ একর বনের বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে যায়।শাস্তি দাবি: নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জনউদ্যোগ। নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন চলাকালে এক সমাবেশে খুলনা জনউদ্যোগের নেতারা বলেছেন, সুন্দরবনে আগুন লাগা কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড।