সুন্দরবনে বনদস্যুদের গুলিতে তিন জেলে নিহত, আহত ৭
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে তিন জেলে নিহত হয়েছেন। খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের হলদেখালী এলাকায় গত শুক্রবার রাতে বসিরুল ইসলাম ও ভবনাথ বিশ্বাস নামের দুই ব্যক্তি নিহত হন। এর আগে বৃহস্পতিবার শমসের গাজী নামে অন্যজন সাতক্ষীরা রেঞ্জের হাঁসখালীতে বনদস্যু মান্নান বাহিনীর গুলিতে নিহত হন।নিহত বসিরুলের (৩০) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে, ভবনাথের (৩৮) বাড়ি আশাশুনির লাউতাড়া এলাকায় এবং শমসেরের (৪০) বাড়ি শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে।আহত জেলে ও পুলিশ সূত্র জানায়, তালার গোবিন্দ সরকার ও গণেশ বিশ্বাসের দুটি ট্রলার ভাড়া করে শুক্রবার সকালে ৪০-৫০ জন জেলে খুলনা থেকে বরফ নিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে তাঁরা শিবসা নদীর তীর ঘেঁষে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে শিবসা-পশুর নদীর মোহনায় হলদেখালী এলাকায় বনদস্যু গামা বাহিনী প্রতিপক্ষ রাজু বাহিনীর সদস্য ভেবে তাঁদের লক্ষ্য করে ১০-১২টি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে বশিরুল ও ভবনাথ ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন সাতজন জেলে। পরে বনদস্যুরা জেলেদের পরিচয় জানতে পেরে বনের ভেতরে চলে যায়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খাঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত জেলেদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে শ্যামনগরের কদমতলা গ্রামের জেলে শহীদুল ইসলাম জানান, বনদস্যু মান্নান বাহিনীর সদস্যরা গত মঙ্গলবার সুন্দরবনের কদমতলা এলাকা থেকে তিনিসহ নয়জন জেলেকে অপহরণ করে। বৃহস্পতিবার হাঁসখালীতে নিয়ে তারা গুলি করে শমসের গাজীকে হত্যা করে। শহীদুল বলেন, তিনি কৌশলে পালিয়ে এসেছেন। বাকি সাত জেলের অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না।শ্যামনগর থানার ওসি আবদুস ছামাদ জানান, এ ঘটনায় নিহত শমসের গাজীর চাচাতো ভাই শওকাত গাজী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।