সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের 'বন্দুকযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বনদস্যু রেজাউল ওরফে ‘শীর্ষ বাহিনী’র সঙ্গে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলাচর জেলেপল্লির চাপড়াখালী খালে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড ঘটনাস্থল থেকে মুক্তিপণের দাবিতে সম্প্রতি অপহূত চার জেলেসহ ১১টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া জেলেরা হলেন বাবুল হোসেন, জাকির খান, জাফর মিয়া ও মো. শাহ আলম। তাঁদের বাড়ি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় একনলা বন্দুক, আটটি দশমিক ২২ বোর বন্দুক, দুটি শাটারগান, বন্দুকের পাঁচটি তাজা গুলি ও চারটি রামদা। এ ছাড়া তিনটি মুঠোফোনও উদ্ধার করা হয়। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনী সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলাচর জেলেপল্লির চাপড়াখালী খাল এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে সেখানে অভিযান চালায়। ভোররাতের দিকে তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালায়। এ সময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। থেমে থেমে দুই পক্ষে সকাল সাতটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে চার জেলেসহ দস্যুদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন। তবে কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। এর আগে ১০ জুলাই সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের উত্তরে বড় টেংরার খালে র‌্যাব-৮-এর সঙ্গে একই বনদস্যু দলের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই বনদস্যু নিহত হন।