সুন্দরবনে বন্দুকযুদ্ধে একজন নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া খালের উত্তর-পূর্ব পাড়ে গতকাল বৃহস্পতিবার বনদস্যু জিহাদ বাহিনীর সঙ্গে র‌্যাব-৮ ও কোস্টগার্ডের মধ্যে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি বনদস্যু জিহাদ বাহিনীর সদস্য। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তি সম্পর্কে র‌্যাব বিস্তারিত কিছু জানায়নি।র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী প্রথম আলোকে বলেন, শুকপাড়া খাল এলাকায় বনদস্যু জিহাদ বাহিনীর একটি আশ্রয়কেন্দ্রের খবর জানতে পেরে তাঁরা গতকাল দুপুর ১২টার দিকে সেখানে পৌঁছান। এ সময় আকস্মিকভাবে জিহাদ বাহিনীর ১৫-২০ জনের সশস্ত্র দল তাঁদের ওপর গুলি চালায়। তাঁরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষে সাত-আট শ গুলি ছোড়া হয়। পরে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে এক বনদস্যুর মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।