সুন্দরবনে বাঘ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল টাইগার। ২০১৪ সালে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে তোলা ছবি l গবেষক আবদুল আজিজ
বেঙ্গল টাইগার। ২০১৪ সালে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে তোলা ছবি l গবেষক আবদুল আজিজ

সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে। সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের জরিপ বলছে, গত ৪২ বছরে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনে বাঘের সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

সর্বশেষ চলতি মাসে সুন্দরবনের বাঘের মল ও লোমের নমুনার জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে বলা হচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১২১। এর আগে স্বাধীনতার পর ১৯৭৫ সালে বেসরকারি পর্যায়ে জার্মানির বাঘ বিশেষজ্ঞ হেন রিডসের করা প্রথম জরিপে বাঘের সংখ্যা বলা হয়েছিল ৩৫০।

আর ২০১৫ সালে সরকারের বন বিভাগ প্রকাশিত জরিপে দেখা গেছে, বাঘের সংখ্যা ১০৬। একই সংস্থা ২০০৪ সালে বলেছিল, বাঘের সংখ্যা ৪৪০।

সুন্দরবন নিয়ে গবেষণাকারী দেশি-বিদেশি সংস্থাগুলো সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য এর চারপাশে শিল্পকারখানা স্থাপন, বনের ভেতর দিয়ে নৌযান চলাচল ও চোরা শিকারিদের কারণে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ২০১৬ সালের তথ্য অনুযায়ী, বাঘ পাচারকারী আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত হয়ে দেশের একটি সংঘবদ্ধ দল বাঘ হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ বিদেশে পাচার করছে। ওই সংঘবদ্ধ দলে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতার নামও এসেছে। দেশের ভেতরেও বাঘের অঙ্গপ্রত্যঙ্গের বাজার তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সুন্দরবন থেকে বাঘ চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনে।

বিশ্ব বন্য প্রাণী তহবিলের (ডব্লিউডব্লিউএফ) প্রতিবেদন অনুযায়ী, গত সাত বছরে ভারত, নেপাল ও রাশিয়ায় বাঘের সংখ্যা বাড়লেও বাংলাদেশে তা কমার প্রবণতা দেখা যাচ্ছে।

জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশেই সুন্দরবনের সীমানা রয়েছে। ২০১৫ সালে যখন বাঘের সংখ্যা ১০৬ বলা হয়েছিল, তখন আমি ঠাট্টা করে বলেছিলাম, বাঘ সব ভারতের সুন্দরবনে বেড়াতে গেছে। এখন আমি বলতে চাই, সুন্দরবন রক্ষায় সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে ভারতীয় সুন্দরবনে বেড়াতে যাওয়া বাঘগুলো আবার বাংলাদেশে ফিরতে শুরু করেছে।’ এখন থেকে নিয়মিতভাবে বাঘের সংখ্যা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

>ভারতীয় সুন্দরবনে বেড়াতে যাওয়া বাঘগুলো আবার বাংলাদেশে ফিরতে শুরু করেছে: বনমন্ত্রী

অবশ্য কমতে থাকা বাঘের সংখ্যা যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার ভিত্তিতে বেড়েছে বলা যাবে না বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। ২০০৬ সালে তিনি সুন্দরবনে প্রথমবারের মতো ক্যামেরায় ছবি তোলার পদ্ধতি ব্যবহার করে বাঘের সংখ্যা বলেছিলেন ২০০।