সুন্দরবনে বাঘের আক্রমণে আরেক জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন আরেক জেলে। গতকাল শুক্রবার ভোরে বনরক্ষীরা তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন।নিহত জেলের নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের খাইসাদ গাজীর ছেলে।এর মাত্র চার দিন আগে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন আরেক ব্যক্তি।এলাকাবাসী ও নিহত জেলের সঙ্গীরা জানান, সুন্দরবনের বানিয়াখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে বাড়াপোতা খালে মাছ ধরতে যান তাঁরা কয়েকজন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে মাছ ধরার সময় হঠাৎ একটি বাঘ নজরুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা অনেক চেষ্টা করেও বাঘের কবল থেকে তাঁকে রক্ষা করতে না পেরে পাশের বন কার্যালয়ে খবর দেন। গতকাল ভোরে বনকর্মীরা সুন্দরবনের ভেতরে তল্লাশি চালিয়ে নজরুলের লাশ উদ্ধার করেন।বন বিভাগের বানিয়াখালী স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুলের লাশ উদ্ধার করে গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।