সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বনজীবীর মৃত্যু
বাঘের আক্রমণে আহত বনজীবী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবদুর রহমান (৪৪) মারা গেছেন। এক মাস ছয় দিন এক গ্রাম্য কবিরাজের অধীনে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার তিনি মারা যান। আবদুর রহমানের ছেলে আবদুর রহিম জানান, বন বিভাগের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে গত ২৮ মার্চ ভোরে তিনি ও তাঁর বাবা সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। ওই দিন সকাল সাড়ে আটটার দিকে হাজরাখালী খালের পাশে কাঁকড়া ধরার সময় একটি বাঘ তাঁর বাবাকে আক্রমণ করে। এ সময় তাঁর চিৎকার শুনে পাশে কাঁকড়া ধরার কাজে ব্যস্ত মিন্টু মোড়ল, আজিজ মোড়ল, রফিকুল ইসলামসহ সাত-আটজন এগিয়ে এসে বাঘটির ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে বাঘটি বনের ভেতর চলে যায়। পরে তাঁর বাবাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়।আবদুর রহমানের চিকিৎসায় নিয়োজিত গ্রাম্য কবিরাজ সোলায়মান হোসেন জানান, বাঘের কামড়ে তাঁর মাথার বাম পাশ ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনার পর থেকে আবদুর রহমান অজ্ঞান ছিলেন। তাঁর বাড়ি দুর্গম এলাকায়। হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।