সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে সিরাজ গাজী (৩৫) নামের এক জেলে আহত হয়েছেন। গতকাল শনিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের হোগলডুগি খালে এ ঘটনা ঘটে।আহত জেলে সিরাজ গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে। তাঁর বাবার নাম ফরেজ গাজী।ফরেজ গাজী জানান, তিনি, সিরাজ ও একই গ্রামের রমজান গাজীসহ আটজন বন বিভাগের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে শুক্রবার দুপুরে সুন্দরবনে মাছ শিকার করতে যান। গতকাল সকাল সাড়ে আটটায় খাল থেকে জাল তোলার সময় একটি বাঘ সিরাজকে আক্রমণ করে। এ সময় সিরাজ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করতে থাকে। একপর্যায়ে তাঁরা সবাই মিলে লাঠি নিয়ে তাড়া করলে বাঘটি সিরাজকে ফেলে বনে চলে যায়। সিরাজের মাথা ও পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন বাঘের আক্রমণের এক জেলের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।