সুন্দরবনে বাঘের আক্রমণে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ওলিউর রহমান (১৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের আড়ুয়া মারকি খালে এ ঘটনা ঘটে। মৃত ওলিউর খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবদুর রশিদ সানার ছেলে। এলাকাবাসী জানান, কাশিয়াবাদ বন বিভাগের কার্যালয় থেকে ২৩ ডিসেম্বর ওলিউর ও আকবারুল সরকারি অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন।মঙ্গলবার দুপুরে তাঁরা আড়ুয়ার মারকি খালে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি বাঘ এসে ওলিউরের ওপর হামলে পড়ে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে বাঘটি ওলিউরকে টেনে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে নিয়ে যায়। এ সময় ওলিউরের সঙ্গে থাকা আকবারুলের চিৎকারে কিছু দূরে থাকা আরও দুজন কাঁকড়াশিকারি লাঠি নিয়ে ছুটে আসেন। তখন বাঘটি ওলিউরের মরদেহ ফেলে বনে চলে যায়।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।