সুন্দরবনে বাঘের আক্রমণে চার দিনে চার জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের মীরেরখালে কাঁকড়া ধরার সময় গতকাল সোমবার বাঘের আক্রমণে হরিপদ মণ্ডল (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ঘটনা ঘটে। হরিপদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাঙ গ্রামে। এ নিয়ে গত চার দিনে বাঘের আক্রমণে চারজন জেলের মৃত্যু হলো।হরিপদের স্ত্রী সৌরভ বালা মণ্ডল জানান, গতকাল হরিপদ, ছেলে নিরাপদ ও তিনি কৈখালি স্টেশন থেকে অনুমতি নিয়ে মীরগাঙ নদীতে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরতে ধরতে তাঁরা মীরেরখালের মুখে পৌঁছালে একটি বাঘ এসে হরিপদকে কমড়ে ধরে টেনেহিঁচড়ে সুন্দরবনের ভেতর নিয়ে যায়। বিকেল তিনটার দিকে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বন বিভাগের লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরা রেঞ্জে মানুষখেকো বাঘের উৎপাত বেড়েছে। এক সপ্তাহ ধরে বাঘের হামলায় একের পর এক জেলে মারা যাচ্ছেন। এর আগে গত রোববার শ্যামনগরের চুনকুড়ি নদীর হোড়খালি এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় নাছিমা খাতুন (২৮) নামের একজন নিহত হন। গত শনিবার কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের কেয়াখালের মুখে বাঘের হামলায় নিহত হন একই উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের ছবিরউদ্দীন গাজী (৫০)। এ ছাড়া শুক্রবার দাঁতনিখালীতে একইভাবে বাঘের হামলায় অপর একজন নিহত হন।জেলেদের ওপর বারবার বাঘের এই হামলার ব্যাপারে বাঘবিশেষজ্ঞ খসরু চৌধুরী বলেন, সুন্দরবনের বাঘের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে দেখা গেছে, ১৯৬২ সালের দিকে দুবলাদ্বীপে একই বাঘিনী বাওয়ালিদের ওপর হামলা করে এক দিনেই দুই-তিনজনকে মেরেছে। বাঘিনীটিকে মারার পর দেখা গিয়েছিল, এই বাঘিনীটির দুটি শ্ব-দাঁত ছিল না। দেখা গেছে, পাইরিয়া রোগে বাঘ অনেক সময় শ্ব-দাঁত হারিয়ে ফেলে। এতে স্বাভাবিক শিকার তার পক্ষে ধরে রাখা সম্ভব হয় না। পাঁচড়াসহ কিছু সমস্যার কারণে অনেক সময় বাঘের শারীরিক বৈকল্য দেখা দেয়। তখন এসব বাঘ মানুষখেকো হয়ে পড়লে শিকারের পর লাশ নিয়ে ফিরে যেতে পারে না। সঙ্গীরা লাশ নিয়ে আসে। এতে ওই বাঘ একই এলাকায় অন্য মানুষের ওপর আবার হামলা চালায়। আরও একটি ক্ষেত্রে, বিশেষ করে হত্যাকারী বাঘ যদি কম বয়সী হয়, তখন সে অপরিকল্পিতভাবে মানুষ শিকারে যায়। এতে ওই বাঘও যেমন মানুষের হামলার শিকার হয়, আবার মানুষকেও সে জখম করে। সেসব ক্ষেত্রে বাঘ অপ্রকৃতিস্থের মতো আচরণ করে। বাঘের লালা, নখের আঁচড়ে মানুষ আহত হলে শরীর খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। এতে অল্প আহত মানুষও রক্তক্ষরণ ও সংক্রমণে মারা যেতে পারে।