সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মোজাফ্ফর তরফদার (২৯) নামে এক জেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে দুনিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খুলনার দাকোপ উপজেলার সুতরখালী ইউনিয়নের কালাবগি গ্রামের গেহের আলীর ছেলে। বন বিভাগ ও জেলেদের সূত্রে জানা গেছে, ভোর ছয়টার দিকে মোজাফ্ফর অন্য জেলেদের সঙ্গে মাছ ধরছিলেন। হঠাৎ একটি বাঘ তাঁকে আক্রমণ করে। জেলেরা এগিয়ে যাওয়ার আগেই বাঘটি কামড়ে ধরে তাঁকে বনের ভেতরে নিয়ে যায়। পরে বন বিভাগের লোকজন স্থানীয় জেলেদের সহযোগিতায় বনে তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। উদ্ধারকর্মীরা বলেছেন, বাঘটি মোজাফ্ফরের দুই পা ও দুই হাত খেয়ে দেহাবশেষ ফেলে পালিয়ে যায়।সুন্দরবনের খুলনা রেঞ্জের কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলের লাশ তাঁর পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।