সুন্দরবনে বাঘের সংখ্যা উদ্বেগজনক: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

সুন্দরবনে সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা ১০৬টি। ছয় হাজার বর্গকিলোমিটার জায়গার জন্য তা যথেষ্ট নয়। এটি গভীর উদ্বেগজনক।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ এ কথা বলেন।

সাবেক এই বনমন্ত্রী বলেন, বাঘের সংখ্যা যে কমে যাচ্ছে এবং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, সেটি নিরসন না করা হলে বাঘ নিশ্চিহ্ন হতে বেশি সময় লাগবে না। তাই বাঘের প্রজনন কীভাবে বাড়ানো যায়, সেটির জন্য একটি এক্সপার্ট প্যানেল তৈরি করার সুপারিশ গ্রহণ করতে বলা হয়েছে।

এ ছাড়া আজকের বৈঠকে সংসদীয় কমিটি যশোর রোড সম্প্রসারণের ক্ষেত্রে শতবর্ষী গাছগুলো না কেটে রোড সম্প্রসারণের জন্য সুপারিশ করেন এবং দেশের অন্যান্য জায়গায়ও রোড সম্প্রসারণের সময় উভয় পাশের গাছ না কেটে রোড সম্প্রসারণের জন্য সুপারিশ করেন।

হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন প্রকল্পটি নির্মাণে খাসজমি এবং ক্যান্টনমেন্টের নিরাপত্তার কারণে পরিত্যক্ত বোটানিক্যাল গার্ডেন প্রকল্পটি পুনরুজ্জীবিত করার জন্য সংসদীয় কমিটি সুপারিশ করেছে এবং ভবিষ্যতে জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্থায়ী আমানত রাখার ক্ষেত্রে ব্যাংকের ক্যামেল রেটিং দেখার জন্য বলা হয়েছে।

ব্রিফিংয়ের সময় বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইয়াছিন আলি ও নবী নেওয়াজ উপস্থিত ছিলেন।