সুন্দরবনে বাঘের হামলায় একজন বাওয়ালির মৃত্যু
সুন্দরবনে বাঘের আক্রমণে মো. জাহাঙ্গীর মাতুব্বর (৪২) নামে এক বাওয়ালির (গোলপাতা সংগ্রহকারী) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ৩ নম্বর কম্পার্টমেন্টের অধীন ছোট শেওলা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বনকর্মীদের সহযোগিতায় বনের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস জানান, নিহত জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা বগি স্টেশন থেকে গোলপাতা কাটার অনুমতি নিয়ে গত ৪ ফেব্রুয়ারি বনে ঢোকেন। গতকাল বিকেলে গোলপাতা কাটার সময় বাঘ তাঁকে ধরে নিয়ে যায়। তাঁর সহকর্মীরা শরণখোলা কূপে খবর দিলে বনরক্ষীদের সহযোগিতায় বনের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের শাজাহান মাতুব্বরের ছেলে। গতকাল রাতেই লাশ তাঁর সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।