সুন্দরবনে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বৃক্ষ নিধনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে গতকাল শিক্ষার্থীরা মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো
সুন্দরবনে বৃক্ষ নিধনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে গতকাল শিক্ষার্থীরা মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে সুন্দরবনকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফাল্গুনী কুমার মণ্ডল, জাহাঙ্গীর আলম, জয় বিশ্বাস, রোমেল বিশ্বাস, সোহাগ প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে চোরাকারবারিদের অপতৎপরতা। বন বিভাগের কর্মীদের দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও একশ্রেণির অসাধু ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, সুন্দরবনের জন্য বিশ্বব্যাপী বাংলাদেশের অনেক পরিচিতি। সুন্দরবন রক্ষায় দেশের প্রতিটি মানুষের আন্তরিকতার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন বন বিভাগের কর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালন।
মানববন্ধন থেকে অবিলম্বে সুন্দরবনের বৃক্ষ নিধনে জড়িত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ চোরাকারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।