সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৫ জেলে অপহূত
সুন্দরবনে মুক্তিপণ দাবি করে গত বুধবার রাতে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় জেলেদের ট্রলার থেকে ইলিশ ও জাল লুট করে নেওয়া হয়।জানা গেছে, বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লির ভেদাখালী খাল এলাকা থেকে মুক্তিপণ দাবি করে জেলেদের অপহরণ করে। গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন বিভাগ অপহূত জেলেদের উদ্ধার করতে যৌথভাবে দুবলা এলাকায় অভিযান শুরু করেছে। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহূত জেলেদের উদ্ধার বা কোনো বনদস্যুকে আটক করা যায়নি। অপহূত জেলেদের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায়। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।এর আগে ১০ সেপ্টেম্বর বনদস্যু আল-আমিন বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া চরের দক্ষিণে ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অর্ধশতাধিক ট্রলারে গণডাকাতি করে।রাজু বাহিনীর সদস্যদের হাতে ১৫ জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন মংলায় অবস্থিত কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান। তবে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১০টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লির ভেদাখালী খাল এলাকায় অবস্থান নেওয়া জেলেদের ট্রলারে রাজু বাহিনীর সদস্যরা হানা দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজু বাহিনীর সদস্যরা জেলেদের ট্রলার থেকে ইলিশ ও জাল লুট করে এবং সাত-আটজন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। তবে জেলেদের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।