সুন্দরবনে র্যা ব-পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
সুন্দরবনের পূর্ব বিভাগে র্যা ব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের হরিণটানা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। র্যা ব ও পুলিশের দাবি, নিহত দুজন বনদস্যু মুর্তজা বাহিনীর সদস্য। তাঁদের একজনের নাম ফয়সাল (২৮)। তাঁর বাড়ি পিরোজপুর জেলায়। নিহত অন্য ব্যক্তির নাম জানা যায়নি।র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির হাসান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের পর তিনটি একনলা বিদেশি বন্দুক, ছয়টি এলজি, দুটি বিদেশি এয়ারগান, বন্দুকের তাজা গুলি ২০টি, ১৪টি গুলির খোসা ও গুলি রাখার দুটি তোশদানি উদ্ধার করা হয়েছে।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুন্দরবনের হরিণটানা এলাকায় বনদস্যু মুর্তজা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যা ব ও পুলিশের একটি যৌথ দল গত শনিবার গভীর রাতে সুন্দরবনে ঢোকে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে হরিণটানা ক্যাম্পসংলগ্ন চোরদার খালে আট-দশজন লোকসহ একটি ট্রলার দেখতে পেয়ে থামানোর নির্দেশ দেন র্যা ব ও পুলিশের সদস্যরা। তারা ট্রলারটি না থামিয়ে র্যা ব ও পুলিশের সদস্যের ওপর গুলি ছোড়া শুরু করে। র্যা ব ও পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে উভয় পক্ষ প্রায় ২০০ গুলিবিনিময় করে। একপর্যায়ে দস্যুরা ট্রলার ফেলে সুন্দরবনে ঢুকে পড়ে। পরে বনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুজনের লাশ, ১১টি আগ্নেয়াস্ত্র ও ২০টি গুলি উদ্ধার করা হয়।