সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত
বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে গতকাল বুধবার সকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন বনদস্যু বলে র্যাব দাবি করেছে।
র্যাব জানায়, নিহত ব্যক্তিরা হলেন মর্তুজা বাহিনীর প্রধান মর্তুজা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোশারফ। দুজনের বাড়ি মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায়। মর্তুজার বিরুদ্ধে মংলা থানায় হত্যা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সকাল সাতটার দিকে র্যাব সদস্যরা শেলা নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় নদীসংলগ্ন বনে দস্যুদের হাঁটাচলা ও কথাবার্তার শব্দ শুনে তাঁরা ভেতরে ঢোকেন। এ সময় বনদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। র্যাব পাল্টা গুলি চালালে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ৩৫ মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধ চলে।
লে. কর্নেল ফরিদুল আরও বলেন, একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে বাহিনীর প্রধান মর্তুজা ও তাঁর প্রধান সহযোগী মোশারফের লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুটি একনালা বন্দুক, দুটি দোনালা বন্দুক, তিনটি কাটারাইফেল, সাতটি এলজি, একটি শাটারগান, পাঁচটি ধারালো অস্ত্র, ৩৯টি তাজা গুলি ও নগদ ১৯ হাজার ৬৭২ টাকা উদ্ধার করেন।