সুন্দরবনে র্যাবের সঙ্গে বনদস্যুদের 'বন্দুকযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৮ সঙ্গে সুন্দরবনে একদল বনদস্যুর সংঘর্ষ হয়েছে। র‌্যাব এ দাবি করে জানিয়েছে, রোববার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
র‌্যাব বলেছে, এ ঘটনায় শীর্ষ বাহিনীর প্রধান রেজাউল ওরফে শীর্ষসহ অন্তত ৮-১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করেননি র‌্যাবের কর্মকর্তারা।
জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এ কারণে হতাহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় র‌্যাবের একজন সদস্য ও নৌকার মাঝি আহত হয়েছেন। তাঁদের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
স্থানীয় র‌্যাব সূত্র জানায়, ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ বাহিনীর প্রধান রেজাউল এবং তাঁর সহযোগী সালেহ হুজুর গুলিবিদ্ধ হন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। বনদস্যুদের ধরতে সুন্দরবনে অভিযান অব্যাহত আছে।
র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কবীর সুন্দরবন থেকে মুঠোফোনে জানান, বনদস্যু রেজাউল ১০-১৫ জন সহযোগী নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় শীর্ষ বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। রোববার রাত ১১টা পাঁচ মিনিট থেকে ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে শীর্ষ বাহিনীর প্রধান রেজাউল ও তাঁর সহযোগী সালেহ হুজুরসহ অন্তত আট-দশজন গুলিবিদ্ধ হয়। তিনি জানান, ৪৫ মিনিটের বন্দুকযুদ্ধে র‌্যাব বিভিন্ন ধরনের ৪৭৪টি গুলি ছুড়েছে।