সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত, আটক ৬
সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ধলু বাহিনীর প্রধান ধলু ও তাঁর দ্বিতীয় প্রধান বাচ্চু নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা স্টেশনের পশুর চ্যানেলে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় এই ঘটনা ঘটে।
এ সময় ধলু বাহিনীর আরও ছয় সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় নয়টি আগ্নেয়াস্ত্র ও ৫৭৭টি গুলি। অভিযানে অংশ নেওয়া র্যাব-৮-এর এক সদস্য দস্যুদের গুলিতে আহত হন।
র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার থেকে ভদ্রা স্টেশনের আশপাশ এলাকায় গোপনে অভিযান চালাতে থাকে। গতকাল বেলা তিনটার দিকে ভদ্রা স্টেশনের পশুর চ্যানেলে র্যাব একটি দেশীয় নৌকাকে থামাতে বললে নৌকায় থাকা আটজনের একদল বনদস্যু র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধে উভয় পক্ষের মধ্যে দেড় শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় র্যাব-৮-এর সদস্য শহীদ ফোরকান দস্যুদের গুলিতে আহত হন।
তিনি বলেন, এরপর দস্যুরা পিছু হটলে র্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন। পরে স্থানীয় মৎস্যজীবীরা নিহতদের ধলু বাহিনী প্রধান ধলু ও দ্বিতীয় প্রধান বাচ্চু বলে শনাক্ত করেন। এ সময় র্যাব ধলু বাহিনীর আরও ছয় সদস্যকে আটক করে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে পাঁচটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি সিক্স শ্যুটার, দুটি পয়েন্ট টু টু বোর পিস্তল ও ৫৭৭ রাউন্ড গুলি।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, র্যাব-৮-এর বার্তা পেয়ে বিকেলেই পুলিশের একটি দল ভদ্রায় গেছে।