সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জাকির বাহিনীর প্রধান জাকির হোসেন ওরফে ছোট (৩৮) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩টি গুলি, বন্দুকের ১৩টি গুলির খোসাসহ বিপুল পরিমাণ রসদ উদ্ধার করে র‌্যাব।গত মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট অফিসসংলগ্ন ভেদাখালী খাল এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয়।র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী ঘটনাস্থল থেকে দুপুরে প্রথম আলোকে বলেন, বনদস্যু জাকির বাহিনীর আনুমানিক ৩০ সদস্যের একটি দল ভেদাখালী খাল এলাকার বনে আস্তানা তৈরি করে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল সকাল ১০টার দিকে সেখানে যায়। দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের পর দস্যুরা পিছু হটে গভীর বনে পালায়। র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জাকিরের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এ সময় উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ রসদ। পরে দস্যুদের আস্তানা ধ্বংস করে দেয় র‌্যাব।র‌্যাবের ভাষ্যমতে, খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামের বাসিন্দা জাকির বনদস্যু আমজাদ বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এক বছর আগে তিনি ২৫-৩০ জন দস্যুকে নিয়ে নিজ নামে বাহিনী গঠন করেন। গত নভেম্বর মাস থেকে তিনি পূর্ব সুন্দরবনের হারবারিয়া, ফেয়ারওয়ে বয়াসহ সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন সময় দুই শতাধিক জেলেকে অপহরণ এবং তাঁদের অধিকাংশের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে অভিযোগ রয়েছে।