সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ট্যাংরাখালী খালে গতকাল বুধবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনই বনদস্যু বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাবের লে. সরফরাজ ওবায়েদ গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় জেলেরা নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছেন। তাঁরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার রিয়াজ ওরফে ডালিম (২৭) ও কালাম শেখ (৪২)।

লে. ওবায়েদ প্রথম আলোর কাছে দাবি করেন, সুন্দরবনের বনদস্যু ‘রাজু বাহিনী’ ও রেজাউল ওরফে ‘শীর্ষ বাহিনী’ তিনটি নৌকায় করে আট দিন ধরে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের উত্তরে বড় ট্যাংরাখালী খালে অবস্থান করছিল। নিজেদের মধ্যে সমঝোতা করে ঐক্যবদ্ধভাবে সুন্দরবনে ডাকাতি করার ব্যাপারে আনুষ্ঠানিক সভা করতে তারা আন্ধারমানিক এলাকায় জড়ো হচ্ছে। খবর পেয়ে গতকাল দুপুরে র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই খালে ঢোকে। তারা বেলা পৌনে দুইটার দিকে খালসংলগ্ন বনে উঁচু করে তৈরি একটি কাঠের পর্যবেক্ষণ মঞ্চ দেখতে পায়। এ সময় তারা সেদিকে এগিয়ে গেলে বনের ভেতর থেকে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালালে দুই পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২৫ মিনিট বন্দুকযুদ্ধ চলার পর একপর্যায়ে বনদস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ, আগ্নেয়াস্ত্র, গুলি ও নৌকা উদ্ধার করেন।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি দোনলা বন্দুক, দুটি একনলা বন্দুক, চারটি এলজি, বন্দুকের নয়টি গুলি এবং বন্দুকের ২১টি গুলির খোসা। র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মিজানুর রজমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মংলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ ও অস্ত্র মংলা থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (আজ) লাশ সদর হাসপাতালে পাঠানো হবে।