সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় আজ মঙ্গলবার সকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়।  খবর বাসসের।

নিহত ব্যক্তিরা হলেন বড় কাদের (৩৫), কল্যাণ (৩০) ও অজ্ঞাতনামা একজন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু।

র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কাদির জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে সুন্দরবনের তাম্বুলবুনিয়া খাল এলাকায় র‌্যাবের একটি দল টহল দেওয়ার সময় বনের মধ্য থেকে ধোঁয়া উড়তে এবং বনদস্যুদের ব্যবহূত একটি ওয়াচ টাওয়ার দেখতে পায়। র‌্যাবের সদস্যরা ওয়াচ টাওয়ারের দিকে এগোতে থাকলে বনদস্যুরা তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ বন্দুকযুদ্ধে উভয় পক্ষে তিন শতাধিক গুলিবিনিময় হয়। একপর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পিছু হটে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিন বনদস্যুর লাশ ও ১৬টি অস্ত্র উদ্ধার করে।

র‌্যাবের সদস্যরা ওয়াচ টাওয়ারটি গুঁড়িয়ে করে দিয়েছেন।