পূর্ব সুন্দরবনের দুধমুখী খালে গত মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। র্যাব তাঁদের বনদস্যু বললেও পরিবারের দাবি, তাঁরা নিরপরাধ ছিলেন।নিহতদের মধ্যে যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলা সদরের শিশির কুমার মণ্ডল ওরফে মন্টু ও একই উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রামের জামাল মুন্সী।নিহত শিশির মণ্ডল ও জামাল মুন্সী দুজনই মাছ ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া শিশির রামপাল সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।গত বুধবার বাগেরহাট সদর হাসপাতালে নিহত চারজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর শিশির মণ্ডল ও জামাল মুন্সীর লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। অন্য লাশ দুটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।র্যাব নিহত ব্যক্তিদের বনদস্যু গামা বাহিনীর সদস্য বলে দাবি করলেও পরিচয় শনাক্ত হওয়া দুজনকে নিরপরাধ বলে দাবি করেছে তাঁদের স্বজনেরা। নিহত শিশির মণ্ডলের চাচাতো ভাই মৃদুল কান্তি মণ্ডল জানান, শিশির গত ১০ ফেব্রুয়ারি খুলনা শহরের মুন্সীপাড়া এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। তাঁর স্ত্রী শেফালী মণ্ডল ২৪ ফেব্রুয়ারি রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।মৃদুল কান্তি বলেন, শিশির মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে বাগেরহাটের কোনো থানায় কোনো মামলা বা অভিযোগ নেই।নিহত জামালের লাশ নিতে বাগেরহাট সদর হাসপাতালে এসেছিলেন তাঁর ভগ্নিপতি রেজাউল। তিনি বলেন, জামাল ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ছিলেন। পেশাগত কারণে তিনি সাগরে যাওয়া-আসা করতেন। তিনি বনদস্যু ছিলেন না।গত মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের দুধমুখী খালে র্যাবের অভিযানে চারজন নিহত হন। র্যাব জানায়, নিহত ব্যক্তিরা বনদস্যু ‘গামা বাহিনী’র সদস্য। তাঁরা দলের জন্য একটি আগ্নেয়াস্ত্রের চালান নিয়ে যাচ্ছিলেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিসহ ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।