সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৩ 'বনদস্যু' নিহত
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের তাম্বুলবুনিয়া খালসংলগ্ন বনে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্য।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানাতে পেরেছে র্যাব। তাঁরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আবদুল কাদের ওরফে বড় ভাই কাদের (৩৫) ও খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের কল্যাণ (২৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪০ জনের বেশি নিহত হয়েছেন।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কবিরের ভাষ্য অনুযায়ী, শরণখোলা রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল গতকাল ভোরে সেখানে অবস্থান নেয়। সকাল সাড়ে আটটার দিকে বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে সেখানে মানুষের অবস্থান সন্দেহ করে র্যাবের দলটি সেদিকে এগিয়ে যায়। ধোঁয়ার উৎসের কাছাকাছি এলে দস্যুদের পর্যবেক্ষণ মঞ্চ (ওয়াচ টাওয়ার) থেকে গুলি ছোড়া শুরু হয়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সকাল নয়টা ২৪ মিনিট থেকে নয়টা ৫১ মিনিট পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। এ সময় র্যাব ও দস্যুদের মধ্যে প্রায় আড়াই শ গুলিবিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। পরে র্যাব তাদের আস্তানা থেকে তিন বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, ১৬টি আগ্নেয়াস্ত্র ও ৩৩৭টি গুলি উদ্ধার করে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ সুন্দরবন থেকে শরণখোলায় নিয়ে আসা হচ্ছিল। সেখান থেকে আজ বুধবার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।