সুন্দরবনে র্যাবের সঙ্গে'বন্দুকযুদ্ধে' নিহত ২
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টহল দলের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর পূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, নিহত দস্যুরা হলেন সুন্দরবনের মোর্তুজা বাহিনীর প্রধান মোর্তুজা হোসেন রানা (৩২) ও তাঁর সহযোগী মোশারেফ শেখ (৩০)। স্থানীয় জেলেরা প্রাথমিকভাবে লাশ দুটি শনাক্ত করেন। মোর্তুজা বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রামের ও মোশারেফ একই উপজেলার জয়মনির ঘোল গ্রামের বাসিন্দা।
ঘটনা সম্পর্কে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল কবীরের ভাষ্য, গতকাল মঙ্গলবার সুন্দরবনের শেলা নদী এলাকা থেকে অন্তত পাঁচ জেলেকে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে—এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে আটটার দিকে র্যাব-৮-এর একটি দল সেখানে টহলে যায়। এ সময় বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩৫ মিনিট গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটলে র্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে। এ সময় ১৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। লাশ ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র বাগেরহাটের মংলা থানায় নেওয়া হচ্ছে।