সুন্দরবনে লুট হওয়া নৌকা ও জাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলেদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া মাছ ধরার ১০৫টি নৌকা ও দেড় শতাধিক জাল উদ্ধার করেছে কোস্টগার্ড৷ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের গহিন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়৷
শ্যামনগরের জয়াখালী গ্রামের হারুন-অর-রশিদ, আবদুল মজিদ, আমিরুল ইসলাম ও টেংরাখালী গ্রামের আবুল হোসেন গাজী বলেন, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম ও লাল্টু বাহিনীর লোকজন তাঁদের আটক করে৷ এ সময় মাথাপিছু ২০-৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়৷ টাকা আদায়ে কখনো জেলেদের আবার কখনো মাছ ধরার নৌকা ও জালসহ বিভিন্ন সরঞ্জাম আটকে রাখা হয়৷ তাদের চাহিদামতো টাকা দিয়ে এসব ছাড়িয়ে আনতে হয়৷ টাকা না দিলে সুন্দরবনে ঢোকা বন্ধ হয়ে যায়৷
তাঁরা আরও জানান, বিভিন্ন সময় তাঁদের কয়েক শ নৌকা বনদস্যু আলিম বাহিনী ও লাল্টু বাহিনী আটকে রেখে নৌকাপ্রতি ২০-৩০ হাজার টাকা দাবি করে৷
কৈখালী গোস্টগার্ডের পেটি অফিসার মনসুর আহমেদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অভিযান চালানো হয়৷ কিন্তু আগে থেকে খবর পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়৷