সুন্দরবনে লোনা পানির জোড়া কুমির অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের হারবারিয়া ক্যাম্পসংলগ্ন খালে লোনা পানির এক জোড়া কুমির গতকাল বুধবার অবমুক্ত করা হয়েছে। এদিকে তীব্র শীতে করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের কুমিরগুলো অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না গতকাল দুপুরে পাঁচ বছর বয়সী ওই দুটি কুমির অবমুক্ত করেন। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত সিলস্ প্রকল্পের আওতায় ওই কুমির দুটি অবমুক্ত করা হয়। এ সময় সিলস্ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন বিভাগের বনসংরক্ষক আকবর হোসেনসহ বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছে করমজল কুমির প্রজননকেন্দ্রের কুমিরগুলো। চলতি মাসে শীতের প্রকোপে পাঁচটি কুমিরছানার মৃত্যু হয়েছে। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এখানে আরও কুমিরের মৃত্যুর আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই প্রজননকেন্দ্রে বর্তমানে লোনা পানির ১২৩টি এবং মিঠা পানির দুটি কুমির রয়েছে। এর মধ্যে ‘সাবমেরিন’ নামের লোনা পানির একটি পূর্ণবয়স্ক স্ত্রী (মাদি) কুমির গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ‘পিলপিল’ ও ‘জুলিয়েট’ নামের দুটি মাদি কুমিরের আক্রমণে আহত সাবমেরিনের এ দশা হয়েছে। কুমিরটিকে বর্তমানে পৃথক চৌবাচ্চায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব বলেন, কুমির শীতল রক্তের প্রাণী। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে কুমিরের রক্তের উত্তাপ কমতে থাকে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এখানকার কুমিরগুলোর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। শীতের কারণে ইতিমধ্যে পাঁচটি কুমিরছানা মারা গেছে। এ অবস্থায় কুমিরগুলোর আবাসস্থলে কৃত্রিম তাপনিয়ন্ত্রণ-ব্যবস্থা গড়ে তোলা দরকার। কিন্তু এই প্রজননকেন্দ্রে প্রয়োজনীয় উপকরণ সংকট রয়েছে।