সুন্দরবনে শিকার করা হরিণ উদ্ধার দুই শিকারি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে শিকার করা একটি হরিণ উদ্ধার এবং দুটি ট্রলারসহ দুজন শিকারিকে আটক করেছেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর মোহনা থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহরতলী গ্রামের শওকাত আলীসহ কয়েকজন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুটি ট্রলার সুন্দরবনের চুনকুড়ি নদীর দোহার নামক স্থানে পৌঁছালে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা মাসুদ আলম ও চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল হকের নেতৃত্বে বন বিভাগের লোকজন ট্রলার দুটি আটক করে। একটি ট্রলার থেকে গুলি করে শিকার করা একটি হরিণ উদ্ধার করা হয়। এ সময় রফিকুল ইসলাম মল্লিক ও ফরিদ খান নামে দুজনকে আটক করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, এ ঘটনায় আটক দুজন শিকারিসহ কালীগঞ্জের ছাত্তার মোড়ল, শ্যামনগর উপজেলার উজ্জ্বল শেখ, লাল্টু শেখ, আনছার শেখ ও নূর ইসলামের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।