সুন্দরবনে সর্বস্বান্ত জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদীতে যাতি গেলি সুন্দরবনের বন বিভাগ থেকে পাস নেওয়ার পর দস্যুগোর কাছ থেকিও পাস নিতি হয়। তা ছাড়া দু-তিন দফা সেলামি দিতিগে বাড়ি ফেরার সময় আর কিছুই থাকে না। অন্য কোনো কাজ থাকলি দস্যুগোর ডেরায় যাতাম না।’এভাবেই মনের ক্ষোভের কথা জানালেন সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের জেলে আরশাদ আলী গাজী। উপজেলার কদমতলা সাধুপাড়ার বলরাম গায়েনের আক্ষেপ, ‘মুক্তিপণ আদায় ও মারধরের ঘটনা নিশ্চিত জেনেও বাচ্চাগো মুখির দিকি তাকিয়ে নদীতে যাতি হতেছে।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে ও সুন্দরবনসংলগ্ন গ্রামবাসীর বক্তব্যমতে, বনদস্যুদের অত্যাচার ও নির্যাতনে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তাঁরা। ভয়ে সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে। এ ছাড়া মাছ ধরতে গিয়ে তাঁরা জিম্মি হয়ে পড়েছেন বনদস্যুদের হাতে। পশ্চিম সুন্দরবনে বনদস্যু বাহিনীর সংখ্যা এতই বেড়ে গেছে যে, মাঝেমধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তাদের দু’পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে একাধিক জেলেও মারা গেছেন। আবার মুক্তিপণের টাকা না পেয়ে বনদস্যু বাহিনীগুলো জেলেদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, গত ২৫ ডিসেম্বর সুন্দরবনের মালঞ্চ নদীর হাঁসখালীতে মান্নান-মজিদ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে বুড়িগোয়ালিনী গ্রামের শমসের আলী নিহত হন। গত মার্চে মুক্তিপণ না পেয়ে দাতিনাখালী গ্রামের সোহরাবকে বনদস্যুরা হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়। গত ৪ মে মান্নান বাহিনীর হাতে অপহূত সফিকুল ইসলাম এখনো বাড়িতে ফেরেননি। এ ছাড়া ১৮ মে কাটেশ্বর এলাকায় বন বিভাগের টহল দলের ওপর বনদস্যুরা গুলি চালায়। গত ১০ জুলাই সাতক্ষীরা রেঞ্জের মামুন্দো নদীর বাঁচা রাজাখালী এলাকায় আলিম ও জাকির বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে দুই বনদস্যু আহত হয়। এ সময় শ্যামনগরের কালিঞ্চি গ্রামের নুরুজ্জামান বরকন্দাজ নিহত হন।শ্যামনগরের পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী গ্রামের দুই জেলে বলেন, বন বিভাগের পাশ নিয়ে নদীতে নামার পর তিন থেকে চারটি বাহিনীকে পৃথক চাঁদা দিতে হয়। চাঁদা নিয়ে এসব বনদস্যু নিজেদের বিশেষ চিহ্ন বা স্বাক্ষরযুক্ত টোকেন বা কার্ড দেয়। কোনো কারণে কার্ড দেখাতে না পারলে বনদস্যুরা নির্যাতনের পাশাপাশি অপহরণ করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে।তাঁরা আরও জানান, পশ্চিম সুন্দরবন এলাকায় মজনু, আলিম, আল-আমিন, জাকির ও মান্নান বাহিনী তৎপর। এসব বাহিনীতে ১০-৩৫ জন করে অস্ত্রধারী সদস্য রয়েছে। সুন্দরবনের সুবিধাজনক স্থানে ছোট ছোট ঘর তৈরি করে এসব বাহিনীর সদস্যরা অবস্থান করে। একেকটি বাহিনী এক একটি এলাকা নিয়ন্ত্রণ করে। পশ্চিম সুন্দরবনের মোতালেব বাহিনীর প্রধান বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তাঁর ভাগনে আল-আমিন ওই বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন। আল-আমিন মান্দারবাড়িয়া থেকে বয়ারশিং এলাকা নিয়ন্ত্রণ করেন। জেলেদের দেওয়া তথ্যমতে, বনদস্যুরা এক বছর মেয়াদি টোকেন দেয়। প্রতিবার বনে বা নদীতে যেতে হলে নৌকাপ্রতি ৪-১৫ হাজার টাকা পর্যন্ত টাকা দিতে হয়। সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সফিউল আযম বলেন, শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। কিন্তু দস্যুদের নির্যাতন ও চাঁদাবাজির কারণে অধিকাংশ পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছে। একই কথা বলেন শ্যামনগরের মুন্সিগঞ্জের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়লও। পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক মো. তৌফিকুর ইসলাম জানালেন, বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় কোস্টগার্ডের সহযোগিতায় এক সপ্তাহ ধরে সুন্দরবনের দোবেকি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে শ্যামনগর থানার ওসি কাজী জালালউদ্দীন আহমদের বক্তব্য ভিন্ন, ‘বনদস্যুদের কবলে পড়ে অধিকাংশ ক্ষেত্রে জেলেরা পুলিশকে জানান না। তাঁরা নিজেরা গোপনে মুক্তিপণ দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করেন।’