সুন্দরবনে সীমানা পিলার লাগানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবনের চারপাশে সীমানা পিলার ও বিধিনিষেধ আরোপ করে সাইনবোর্ড লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পরিবেশ ও বনমন্ত্রী এ সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ১৭৬ কোটি টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি প্রকল্প গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।
১৯৯৯ সালে সংরক্ষিত বনের বাইরের চারদিকে ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ইতিমধ্যে গত ১৩ জানুয়ারি সুন্দরবনের মৌজাভিত্তিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অচিরেই সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সুন্দরবনের সীমানা পিলার ও সাইনবোর্ড লাগানো হবে।
কাজী রোজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুন্দরবনের সুন্দরীগাছ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধভাবে সুন্দরীগাছ যাতে কেউ কাটতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন চরাঞ্চল সুন্দরীগাছের বনায়নের জন্য উপযোগী নয়। সুন্দরীগাছ বেড়ে ওঠার পরিবেশ সুন্দরবনের সব জায়গায় নেই। পরিবেশ বিবেচনায় রেখে বন কর্তৃপক্ষ সুন্দরীগাছ বনায়ন করে যাচ্ছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রস্তাব পাওয়া গেলে স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঘৃণাস্তম্ভ তৈরি করা হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাণিজ্যিক সুবিধা বিবেচনায় নিয়ে গুয়াংজু, মালে, টোকিও ও কলম্বোতে বিমানের সার্ভিস সম্প্রসারণ করা হবে। তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসের আপাতক হিসাব অনুযায়ী বিমান ২৪৫ দশমিক ১৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।