সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের নিশানখালী এলাকায় রাজু বাহিনী গড়ে তুলেছিল স্থায়ী ঘাঁটি। গত শনিবার ভোরে সেখানে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের একটি যৌথ দল। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ রাজু বাহিনীর দুই সদস্য নিহত হন এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।শনিবার নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের গাজী আব্দুল মান্নান (৪০) ও পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা গ্রামের মাসুম (৩৪)।দুটি মৃতদেহ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও গুলি শনিবার রাতে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় রাজু বাহিনী প্রধান ওয়ালিউর রহমান (রাজু) ও নিহত দুই জনসহ একুশ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় দুটি মামলা করেছেন র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক বেলাল হোসেন। গতকাল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।র্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ওসমান জানান, সুন্দরবনের নিশানখালী এলাকায় রাজু বাহিনী স্থায়ী ঘাঁটি গড়ে তুলেছিল। সেখানে রাজু ও তার তিনটি শাখা দলের প্রধানদের জন্য গোলপাতা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরী করা হয়েছিল চারটি ঘর। এর মধ্যে রাজুর ঘরটিতে কাঠ-বাঁশের পাশাপাশি লোহার পাতের বেড়া দিয়ে দুর্ভেদ্য করা হয়েছিল। এছাড়া বাহিনীর সদস্যদের থাকার জন্য তৈরি করা হয়েছিল বিশাল একটি ঘর। ওই ঘরে প্রায় ৪৫ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানেই শনিবার ভোরে বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর দুই সদস্য নিহত হন।মেজর সাব্বির আরও বলেন, আস্তানাটি ভেঙে ফেলতে সুন্দরবন পশ্চিম বিভাগকে বলা হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহম্মেদ গতকাল মুঠোফোনে জানান, অবৈধ স্থাপনা ভেঙে নিয়ে আসার জন্য বনকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।র্যাব ও কোস্টগার্ডের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বনদস্যু রাজু বাহিনী সুন্দরবনে সব চেয়ে শক্তিশালী দস্যুদল হিসেবে আত্মপ্রকাশ করে। তার দলের সদস্য সংখ্যা অর্ধ শতাধিক। তাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র, উচ্চ শক্তির নৌযানসহ অনেক দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র রয়েছে। গত ইলিশ মৌসুমে সুন্দরবন অঞ্চলে যত ডাকাতি হয়েছে তার বেশীর ভাগই করেছে রাজু বাহিনী। দুবলা, ভেদাখালী, নিশানখালীসহ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ ও পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের সীমান্ত এলাকায় রাজু বাহিনীর অবাধ বিচরণ রয়েছে।সূত্র আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং নিজেদের নিরাপত্তা জোরদার করতে রাজু তার বাহিনীকে তিনটি উপদলে ভাগ করে। ফরহাদ, নাটা শহিদুল ও মুকুল এই তিনটি দলের নেতৃত্ব দেন। এছাড়া ছোট আরও কয়েকটি দস্যুদলকে চাপের মুখে ফেলে নিজেদের দলে যুক্ত করে দলের অস্ত্র ও লোকবল বৃদ্ধি করে। নিহত আব্দুল মান্নান গাজী এমনই একটি ছোট দলের প্রধান ছিলেন। গত সেপ্টেম্বর মাসে রাজু বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মান্নানের ভাই বাবলু নিহত হলে তিনি রাজুর বশ্যতা স্বীকার করে নেন।