সুন্দরবনে হরিণ শিকার গ্রেপ্তার ৮১
রাসমেলায় অংশ নেওয়ার নামে অবৈধভাবে সুন্দরবনে ঢুকে হরিণ শিকারের অভিযোগে চারটি ট্রলার জব্দ ও ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বনপ্রহরীরা শনিবার রাতে পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের পাটকোশটা ফাঁড়ির পাটাকাটা খাল থেকে তাঁদের গ্রেপ্তার করেন।পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম জানান, রাসমেলাকে সামনে রেখে অবৈধভাবে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করতে পারে—এ ধরনের অভিযোগ থাকায় বিশেষ বিশেষ স্থানে টহল জোরদার করা হয়েছে। শনিবার বিকেলের দিকে রাসমেলায় অংশ নেওয়ার নামে চারটি ট্রলারে ৮১ জন সুন্দরবনে প্রবেশ করেন। তাঁরা হরিণ শিকার করছেন—এ ধরনের সংবাদের পরিপ্রেক্ষিতে পাটকোশটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে বনপ্রহরীরা শনিবার রাত ১০টার দিকে অভিযান চালান। তাঁরা পাটাকাটা খালে লুকিয়ে থাকা চারটি ট্রলার জব্দ এবং সেগুলোতে থাকা ওই ৮১ জনকে আটক করেন। বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে তাঁরা হরিণের কাঁচা মাংস নদীতে ফেলে দেন। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে রান্না করা দু-তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং হরিণ শিকারের অভিযোগে মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া খুলনার বটিয়াঘাটা এলাকার রিপন ঢালী ও জালাল তালুকদার জানান, তাঁরা রাসমেলায় অংশ নিতে দুদিন আগে বনে প্রবেশ করেন। তাঁদের দলে থাকা শিকারিরা বনে অবস্থানকালে খাওয়ার জন্য একটি হরিণ শিকার করেন। তবে তাঁরা দুজন হরিণ শিকারের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। সুন্দরবনের দুবলার চরে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী রাসমেলা শুরু হয়েছে।