সুন্দরবনে হরিণ শিকারিরা ফের বেপরোয়া
সুন্দরবনে হরিণ শিকারিরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। বুধবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা ২২টি জবাই করা হরিণের ৩৫০ কেজি মাংস এবং একটি জীবিত হরিণশাবক উদ্ধার করেন।হরিণের অভয়ারণ্য হিসেবে পরিচিত বনটির পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা-কচিখালী এলাকা থেকে এসব হরিণ শিকার করা হয়। এ এলাকায় কমপক্ষে ২০টি শিকারি চক্র হরিণ শিকারের সঙ্গে জড়িত।বন বিভাগের পাথরঘাটা কার্যালয় সূত্র জানা গেছে, পাথরঘাটার জ্ঞানপাড়া এলাকার মালেক গোমস্তা ও তাঁর বাহিনীর সদস্যরা এসব হরিণ সুন্দরবনের কটকা, কচিখালী ও মাদারতলী এলাকা থেকে ফাঁদ পেতে ধরে। গত বৃহস্পতিবার দুপুরে বন বিভাগ ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ঘটনায় জড়িত সন্দেহে ইউনুস হাওলাদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউনুস হরিণ শিকারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইউনুস জানান, কয়েক দিন ধরে নদ-নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়া হরিণ উঁচু স্থানে আশ্রয় নিতে থাকে। এ সময় হরিণ শিকারের জন্য এক কিলোমিটার এলাকায় প্রথমে জাল দিয়ে ফাঁদ পাতা হয়। পরে পেছন থেকে ধাওয়া দিলে হরিণগুলো ওই জালে আটকা পড়ে। এরপর পিটিয়ে আহত করে একটি একটি করে জবাই করা হয়।হরিণ শিকারের সঙ্গে জড়িত ওই এলাকার কয়েকজন জানান, ফাঁদ পেতে ধরা এসব হরিণ আগে জীবিত অবস্থায় ট্রলারে করে এনে শিকারিরা তাঁদের বাড়ির আশপাশের মাটির বাংকারে রেখে দিতেন। কিন্তু এভাবে রাখতে গিয়ে শিকারিরা বেশ কয়েকবার ধরা পড়েছেন। এ কারণে শিকারিরা এখন সংরক্ষণ ও পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকায় পাচার করেন। পাথরঘাটার চরদুয়ানি, জ্ঞানপাড়া, কাঁঠালতলী, পদ্মা, বাদুড়তলা ও হাঁড়িটানা এলাকায় কমপক্ষে ২০টি হরিণ শিকারি চক্র সক্রিয় রয়েছে।পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে পাথরঘাটা থানার পুলিশ অভিযান চালিয়ে ছয়টি হরিণের চামড়া, প্রায় ৮৯ কেজি মাংসসহ ছয়জনকে আটক করে। এ ছাড়া গত বছরের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে নয়টি হরিণের চামড়া, দুটি জবাই করা হরিণ ও ১৭৩ কেজি মাংসসহ ২৫ জন শিকারিকে আটক করেন বনরক্ষীরা।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, আগে বন্য প্রাণী সংরক্ষণ আইনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান ছিল না। এ কারণে বারবার একই অপরাধে স্বল্প মেয়াদে সাজা ভোগের পর মুক্তি পেয়ে আবার হরিণ শিকারের কাজে নেমে পড়তেন শিকারিরা। ৮ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া বন্য প্রাণী সংরক্ষণ আইন (সংশোধিত) ২০১২ হরিণ নিধনের বিষয়ে কঠিন আইন করা হয়েছে। তিনি আরও জানান বলেন, সুন্দরবনের নয়টি সংরক্ষিত বন এলাকার মধ্যে কটকা ও কচিখালী সবচেয়ে বড় হরিণ বিচরণক্ষেত্র। গভীর সুন্দরবনে হওয়ায় সেখানে এর আগে কখনো শিকারিরা ঢোকেনি। সম্প্রতি সেখানেই বড় ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বন বিভাগে লোকবল-সংকট রয়েছে। পাশাপাশি সংবাদদাতাদের (সোর্স) জন্য আলাদা বরাদ্দ নেই। সাহসিকতার জন্য নেই কোনো পুরস্কার। এ কারণে ঝুঁকি নিয়ে কেউ কাজ করতে চান না। কোস্টগার্ড পাথরঘাটার কন্টিনজেন্টের কমান্ডার লে. হারুন অর রশীদ বলেন, সুন্দরবনে বনদস্যু ও চোরাই শিকারিদের অপতৎপরতা বন্ধে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। একসঙ্গে এতগুলো জবাই করা হরিণ উদ্ধারের ঘটনা এবারই প্রথম।