সুন্দরবনে হরিণসহ দুই শিকারি গ্রেপ্তার
সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণসহ দুই শিকারিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের খেজুরবাড়িয়া খাল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে বন বিভাগ। এ ঘটনায় মামলা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের বিপুল মল্লিক এবং হরিচাঁদ মণ্ডল। তাঁদের কাছ থেকে একটি ট্রলার, ৬০০ দড়ির ফাঁদ, দুটি দা, একটি ছুরি ও একটি বঁটি উদ্ধার করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, কোকিলমণি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হামজার নেতৃত্বে গতকাল দুপুরে নিয়মিত টহল দেওয়ার সময় বনকর্মীরা এই দুজনকে গ্রেপ্তার করেন। তারা তখন খালের পাড়ে ট্রলার রেখে চরে বসে দড়ির ফাঁদ দিয়ে শিকার করা একটি হরিণের চামড়া ছাড়াচ্ছিল। এ ঘটনায় ওসি আমির হামজা বাদী হয়ে বন আইনে একটি মামলা করেছেন। শুক্রবার (আজ) তাদের আদালতে পাঠানো হবে।