সুন্দরবনে ২০ জেলে বনদস্যুর হাতে বন্দী মুক্তিপণ দাবি
মুক্তিপণের জন্য গত সোমবার সুন্দরবনের পূর্বাঞ্চলে একটি ট্রলার ও ১০টি নৌকাসহ ২২ জেলেকে অপহরণ করে বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফু বাহিনী। পরে অপহূত ব্যক্তিদের মধ্য থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।মংলায় ফিরে আসা ওই দুই জেলে গতকাল মঙ্গলবার বলেন, সুন্দরবনের আলোরকোল এলাকায় মাছ ধরে মংলায় ফেরার পথে শেলা নদীসংলগ্ন সাতরাখালী এলাকায় দস্যুদের কবলে পড়ে নুরুল গাজির ট্রলার ও নৌকা বহর। জেলে মহাজন নুরুল গাজির বাড়ি খুলনার কয়রা এলাকায়। এ সময় জুলফু বাহিনীর ২৮-৩০ জন সশস্ত্র সদস্য একটি মাছধরা ট্রলার ও ১০টি নৌকাসহ ২২ জন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য সোমবার রাতে দুজনকে ছেড়ে দিলেও নুরুল গাজিসহ বাকিদের আটকে রেখেছে দস্যুরা।কোস্টগার্ড মংলা স্টেশনের কর্মকর্তা লে. লোকমান হাকিম জানান, কোস্টগার্ডের জাহাজ সিজিএস বগুড়া জিম্মিদের উদ্ধারে ওই এলাকায় অভিযান চালাচ্ছে।