সুন্দরবনে ২০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুরা ২০ জেলেকে অপহরণ করেছে। তাঁদের মুক্তির জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা করে দাবি করেছে বনদস্যু বড় ভাই বাহিনী। মুক্তিপণ দিয়ে একজন জেলে গত রোববার বিকেলে ছাড়া পেয়েছেন। গত শনি ও রোববার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের লতাবেড়ী ও ইলশামারী এবং আশপাশের খাল থেকে কাঁকড়া ধরার সময় সশস্ত্র বনদস্যুরা এসব জেলেকে অপহরণ করে।অপহূত জেলেদের কয়েকজন সহযোগী ফিরে এসে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের লতাবেড়ীসংলগ্ন খালে জেলেরা কাঁকড়া ধরছিলেন। এ সময় দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১৪-১৫ জন সশস্ত্র বনদস্যু এসে অস্ত্রের মুখে শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের হূদয় মণ্ডল, রফিকুল ইসলাম ও সুকুমার মণ্ডলকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া রোববার সকাল সাড়ে সাতটার দিকে বনদস্যুরা ইলশামারী এলাকা থেকে একই উপজেলার পার্শ্বেমারী ও নাপিতখালী গ্রামের আরও ১৫ জন এবং টেংরাখালী গ্রামের আবদুর রহমান ও মীরগাং গ্রামের দুই জেলেকে অপহরণ করে। তাঁরা আরও জানান, আটককৃতদের মুক্তির জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এই টাকা আগামী চার দিনের মধ্যে মুঠোফোনে নির্দেশনামতে জলদস্যুদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।এদিকে, ইলশামারী খাল থেকে অপহূত আবদুর রহমানের স্বজনেরা অপহরণকারীদের নির্দেশে একটি মুঠোফোন নম্বরে রোববার বিকেলে ছয় হাজার টাকার ফ্লেক্সিলোড করার পর রাতে জলদস্যুরা তাঁকে হরিনগর বাজারে ছেড়ে দেয়।নাম প্রকাশ না করার শর্তে অপহূত দুই জেলের স্বজনেরা জানান, হরিনগর বাজারের কাঁকড়া ব্যবসায়ী চন্দন সানার ঘরে তাঁদের মুক্তিপণের টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে চন্দ সানা বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, জেলেরা ডাকাতদের হাতে জিম্মি থাকলে ঝামেলা এড়াতে তাঁদের স্বজনেরা সাধারণত বন বিভাগকে কিছু জানান না। তাঁরা টাকা দিয়ে নিজেরাই সমস্যা মেটানোর চেষ্টা করেন।