সুন্দরবনে ৬ মৌয়াল ও জেলে অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুরা ছয়জন মৌয়াল ও জেলেকে অপহরণ করেছে। গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন মৌয়াল শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের রাশিদুল ব্যাপারী (২৬), আসাদুল ঢালী (২১) ও বেলেডাঙ্গা গ্রামের আজগর আলী (২২) এবং জেলে পার্শ্বেমারী গ্রামের মতিয়ার গাজী (২৮), যতীন্দ্রনগর গ্রামের শরীফুল গাজী (২২) ও রফিকুল গাজী (৩৫)।
নাম প্রকাশ না করার শর্তে দুজন মৌয়াল জানান, তাঁরা সাতক্ষীরা রেঞ্জ থেকে পাস নিয়ে ১৬ এপ্রিল মধু আহরণ করতে সুন্দরবনে ঢোকেন। মঙ্গলবার দিনভর মধু আহরণ শেষে নৌকায় রাজাখালী খালে তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন। গভীর রাতে বনদস্যু মাস্টার বাহিনী পরিচয়ে তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। তাঁরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বনদস্যুরা তাঁদের কাছে থাকা প্রায় দুই মণ মধু লুট করে। পরে তাঁদের সঙ্গী রাশিদুল ব্যাপারী, আসাদুল ঢালী ও আজগর আলীকে তাঁরা অপহরণ করে নিয়ে যায়। তাঁদের মুক্তিপণ বাবদ সাত দিনের মধ্যে দুই লাখ টাকা বিকাশ করে দিতে বলা হয়েছে।
একইভাবে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট বৈকারী এলাকার মাছ ধরার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মতিয়ার গাজীকে বনদস্যু রেজাউল বাহিনীর পরিচয়ে তাঁকে অপহরণ করা হয়। তাঁর মুক্তিপণ বাবদ ৬০ হাজার টাকা সাত দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তাঁর সঙ্গীরা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ডিঙ্গিমারী কাঠসারা এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জনাব বাহিনীর পরিচয়ে শরীফুল গাজী ও রফিকুল গাজীকে অপহরণ করে। তাঁদের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করা হয়েছে। দাবি করা টাকা সাত দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। যতীন্দ্রনগর এলাকার মৎস্য ব্যবসায়ী আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অপহরণের বিষয়ে সাধারণত জেলে কিংবা মৌয়ালরা তাঁদের জানান না। মুক্তিপণ দিয়ে মিটিয়ে এলে তাঁরা জানতে পারেন। গত তিন দিনের অপহৃত জেলেদের বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।