সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব তাঁদের বনদস্যু ‘আকাশ বাহিনীর’ সদস্য বলে দাবি করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের ৮৩টি গুলি ও একটি ট্রলার।গতকাল বুধবার সকালে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শাপলা টহল ফাঁড়ির অন্তর্গত শাপলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: বাগেরহাটের মংলা উপজেলার সিন্দুরতলা গ্রামের ফখরুল শেখ (২৫), খুলনার দাকোপ উপজেলার ঢাংমারি গ্রামের নবকুমার হালদার (৩৫) ও মিহির রায় (২২)।ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী প্রথম আলোকে বলেন, বনদস্যু আকাশ বাহিনীর একদল সদস্য শাপলা খাল এলাকায় আস্তানা গেড়েছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল সকাল ১০টার দিকে ওই এলাকায় যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ২৫ মিনিটব্যাপী গুলিবিনিময়ের পর দস্যুরা পিছু হটলে র‌্যাব ক্যাম্পটি দখল করে এবং বন তল্লাশি করে তিন দস্যুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় তিনটি রাইফেল, দুটি একনলা বন্দুক, একটি করে বিদেশি পিস্তল, কাটাবন্দুক, শটগান ও এলজি, বন্দুকের ৬৭টি গুলি ও গুলির ১১টি খোসা, রাইফেলের ১৪টি গুলি, দুটি পিস্তলের গুলি, দস্যুদের ব্যবহূত একটি ট্রলার ও বিভিন্ন খাদ্যসামগ্রী। র‌্যাব কর্মকর্তা সাব্বির বলেন, খুলনার দাকোপের মৃত্যুঞ্জয় ওরফে আকাশ বাবু সাত-আট বছর ধরে সুন্দরবনে ‘আকাশ বাহিনী’ নামে একটি দস্যুদল গঠন করে জেলে, বাওয়ালিদের নৌকায় লুটতরাজ, অপহরণ ও মুক্তিপণ আদায় করছে। এই দলটিতে অন্তত ৪০ জন সশস্ত্র সদস্য রয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ ব্যাপারে পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, র‌্যাব-৮-এর একটি দল সকালে পূর্ব সুন্দরবনের শাপলা ক্যাম্প এলাকায় অভিযানে যায়। তাদের চাহিদা অনুযায়ী শরণখোলা থানা থেকে একদল পুলিশ সেখানে পাঠানো হয়েছে। বিকেল পর্যন্ত পুলিশের দলটি ফিরে না আসায় অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।