সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' দুই বনদস্যু নিহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে বাহিনীর প্রধান ও দ্বিতীয় প্রধান নিহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। র্যাব ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি পাইপগান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে এ ঘটনা ঘটে।
নিহত বনদস্যুরা হলেন, সাহেব আলী বাহিনীর প্রধান শ্যামনগর উপজেলার সাহেব আলী (৩৫)। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামে ও বাহিনীর দ্বিতীয় প্রধান আশাশুনি উপজেলার বাঘালি গ্রামের হাবিবুর রহমান (২৮)।
গুলিতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল আরিফ হোসেন (২৭) ও শাকিল আহমেদ (২৮)।
র্যাব-৬–এর লে. কমান্ডার এ এম এম জাহিদুল কবিরের ভাষ্য, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে সাহেব আলী বাহিনীর সদস্যরা পিছু হটে যান। এ সময় ঘটনাস্থল থেকে সাহেব আলী বাহিনীর প্রধান সাহেব আলী ও দ্বিতীয় প্রধান হাবিবুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেন র্যাবের সদস্যরা।
জাহিদুল কবির আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সাহেব আলী ও হাবিবুর রহমানকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন। র্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।