সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের গহিনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে বেকি খালের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মিয়ানমারের তৈরি তিনটি ওয়ান শ্যুটার গান, তিনটি রামদা, আট রাউন্ড বন্দুকের গুলি, ১২টি বন্দুকের গুলির খোসা, তিনটি মুঠোফোন, এক কার্টন টাইগার এনার্জি ড্রিংক এবং একটি নৌকা উদ্ধার করা হয়েছে। বরিশাল র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বির এবং বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তিরা সুন্দরবনের বনদস্যু। তবে সোমবার রাত ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের লাশ বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হচ্ছে।র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বির গতকাল রাত পৌনে ১২টায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, সুন্দরবনে অভিযানের অংশ হিসেবে উপসহকারী পরিচালক (ডিএডি) বেলায়েত হোসেনের নেতৃত্বে র্যাব-৮-এর একটি দল সুপতি এলাকায় অবস্থান করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা বেকি খালে বাঁধা একটি খালি নৌকা দেখতে পেয়ে সেটি তল্লাশি করে তিনটি রামদা উদ্ধার করে। এ সময় সেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যরা নদী থেকে পাড়ে ওঠার চেষ্টা করলে বনের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত কুড়ি মিনিট ধরে উভয় পক্ষে ব্যাপক গুলিবিনিময় হয়। এ সময় র্যাব ১১৫ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, সুন্দরবনে অবস্থানরত র্যাব-৮-এর দলটি বেলা তিনটার দিকে বাগেরহাট পুলিশের সহায়তা চেয়ে বার্তা পাঠালে শরণখোলা থানা থেকে এক দল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। পুলিশ ও র্যাব একত্রিতভাবে সন্ধ্যায় লাশ দুটি নিয়ে শরণখোলার উদ্দেশে রওনা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বাগেরহাটের শরণখোলা থেকে ট্রলারযোগে ঘটনাস্থল সুপতি স্টেশনের বেকি খাল এলাকায় যেতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।