সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে গতকাল শনিবার র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু। ঘটনাস্থল থেকে ১৭টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকায় গতকাল বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ হয়। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, সাতটি শাটারগান, নয়টি ওয়ান শ্যুটারগান, চারটি রামদা ও ৪২টি তাজা গুলি।কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজার ভাষ্যমতে, বরিশাল থেকে র্যাব-৮-এর একটি দল গতকাল সকালে সুন্দরবনে অভিযানে আসে। তাদের সঙ্গে যোগ দেয় কোস্টগার্ডের কচিখালী কনটিনজেন্টের কমান্ডার ইয়াকুব আলী খানসহ আট সদস্যের একটি দল। যৌথ দলটি ডিমের চর এলাকায় পৌঁছালে একদল বনদস্যু তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব ও কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ডের পেটি অফিসার ইয়াকুব আলী খান মুঠোফোনে কচিখালী থেকে জানান, উভয় পক্ষে দেড় শতাধিক গুলি ছোড়া হয়। প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। এ সময় চর থেকে দুটি লাশ এবং দস্যুদের ফেলে যাওয়া ১৭টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৮-এর একটি দল কচিখালী অভয়ারণ্য ক্যাম্প থেকে ক্যাম্প ইনচার্জ মো. নূরুল আমিনসহ কয়েকজন বনকর্মীকে ডিমের চরে নিয়ে যায়। সেখানে দুটি লাশ ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের জব্দ তালিকা (সিজার লিস্ট) তৈরি করা হয়। এরপর র্যাবের দলটি লাশ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ট্রলারযোগে বাগেরহাটের শরণখোলা থানার উদ্দেশে রওনা হয়। বনকর্মীরা নিহত ব্যক্তিদের শনাক্ত করতে পারেননি।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিকেল চারটার দিকে জানান, র্যাবের পক্ষ থেকে ঘটনা জানানোর পর বেলা আড়াইটার দিকে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ট্রলারযোগে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।