সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি এলাকায় আজ বুধবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন । র‌্যাবের দাবি, নিহত ব্যক্তিরা বনদস্যু।

নিহত দুজন হলেন জাকির (২৮) ও রাজু (৩২) ।

র‌্যাবের ভাষ্যমতে, জাকির ও রাজু বনদস্যু আউয়াল বাহিনীর সদস্য। স্থানীয় জেলেদের মাধ্যমে তাঁদের পরিচয় জানা গেছে। এ অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।

এ ব্যাপারে র‌্যাব-৮–এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমের ভাষ্য, আজ সুন্দরবন এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‌্যাব। সুন্দরবনের মৃগমারি এলাকায় সকাল পৌনে আটটার থেকে বনদস্যু আউয়াল বাহিনীর সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধ’ হয়। সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮–এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি দশমিক ২২ বোরের রাইফেল, দুটি বিদেশি বন্দুক, চারটি দেশি বন্দুক, ১৫০টি বিভিন্ন ধরনের গুলি, কিছু ধারালো অস্ত্র ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে। লাশ ও অস্ত্র মংলা থানায় হস্তান্তর করা হবে।