সুন্দরবনের অদূরে জাহাজডুবি, শুরু হয়নি উদ্ধারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সুন্দরবনের মাত্র ৩০০ গজ দূরে বিদেশি একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবে যায়

মোংলা বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় গত রোববার রাতে ডুবে যাওয়া সিমেন্ট তৈরির কাঁচামালবোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে গতকাল মঙ্গলবার পর্যন্ত কাজ শুরু করেনি কর্তৃপক্ষ। সুন্দরবনের মাত্র ৩০০ গজ দূরে বিদেশি একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবে যায়।

এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। পরিবেশ অধিদপ্তর এখানকার পানি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে, এ ঘটনায় সুন্দরবনের জলজ প্রাণীর ক্ষতির কোনো সম্ভাবনা আছে কি না। জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডোবার কারণে বন্দরে জাহাজ ঢুকতে ও বের হতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, মোংলা বন্দর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পশুর নদের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকারেজে অবস্থানরত সাইপ্রাসের পতাকাবাহী এমভি আতিকি এসবি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত ঢালাই পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ এমভি শোভা রোববার রাত ১০টার দিকে খুলনার সুংসিং সিমেন্ট কারখানার উদ্দেশে রওনা দেয়। কার্গো জাহাজটি ছেড়ে যাওয়ার সময় প্রচণ্ড¯স্রোতে বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে কার্গো জাহাজটির তলা ফেটে যায়। চালক জাহাজটি দ্রুত চালিয়ে মূল চ্যানেলের বাইরে চরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এরপর জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা চালকসহ ১০ জন নাবিক সাঁতরে কূলে ওঠেন। তাঁরা নিরাপদে আছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালী উল্লাহ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কার্গো জাহাজটি যে স্থানে ডুবেছে, তা মূল চ্যানেলের বাইরে। ফলে বন্দরের চ্যানেলে জাহাজ আগমন-নির্গমণে কোনো সমস্যা নেই। আমরা জাহাজ কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধারের জন্য বলেছি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বুধবার সকাল থেকে জাহাজটি উদ্ধারে কাজ শুরু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খুলনার জামান এন্টারপ্রাইজের কার্গো জাহাজ এমভি শোভার মাস্টার নজরুল ইসলাম। তিনি বলেন, নিমজ্জিত জাহাজটি পলি পড়ে ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। এখন জোয়ারের সময় শুধু জাহাজটির মাস্তুল দেখা যাচ্ছে। জাহাজটি চরের কাছাকাছি থাকায় ভাটার সময় কাজ করতে সুবিধা হবে। বুধবার (আজ) ড্রেজারের মাধ্যমে জাহাজের ভেতরের স্লাগ অন্য জাহাজে দেওয়া হবে। এরপর জাহাজটি হালকা হলে টেনে তোলা হবে। এতে সময় লাগবে। তাঁরা জাহাজটি দ্রুত উত্তোলনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘পশুর নদের দুই পাশেই সুন্দরবন। যে স্থানে দুর্ঘটনা ঘটছে, তার থেকে মাত্র ৩০০ গজ দূরেই সুন্দরবন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ আমরা মঙ্গলবার (গতকাল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এখানকার পানি পরীক্ষার জন্য নিয়ে গেছেন। আগামী তিন দিনের মধ্যে তাঁরা আমাদের জানাবেন, এই পানি সুন্দরবনের ডলফিনসহ অন্য জলজ প্রাণীর কোনো ক্ষতির কারণ হবে কি না।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি মোংলা বন্দর থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করা বিদেশি জাহাজ এমভি লেডিমেরি থেকে প্রায় ১ হাজার মেট্রিক টন কয়লাবোঝাই এমভি আইচগাতি নামে একটি লাইটার জাহাজ প্রচণ্ড ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তলা ফেটে ডুবে যায়।