সুন্দরবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে
সুন্দরবনে গত বুধবার বিকেলে লাগা আগুন আজ শুক্রবার দুপুরের পর অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বিকেল চারটার দিকে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আমীর হোসাইন চৌধুরী জানান, দমকল বাহিনী ও বন বিভাগ ওই এলাকায় সকাল থেকে লাইন অব ফায়ার কেটে দিয়েছে। পুরো এলাকা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। দুপুরের পর থেকে আগুন অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে।
আমীর হোসাইন চৌধুরী আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য ঢাংমারি স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম ও জিউধরা স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহামুদ। আগামী রোববারের মধ্যে এ কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে।
গত বুধবার বিকেল পাঁচটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালী ক্যাম্পসংলগ্ন বাইশের চিলা ও পঁয়ষট্টি চিলার মাঝামাঝি বনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা বলা বাগানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে বন বিভাগের তত্পরতায় এ অগ্নিকাণ্ড নিভিয়ে ফেলা হয়। তবে বৃহস্পতিবার সকালে বাতাসে আর সূর্যের প্রখর তাপে ওই স্থানের পার্শ্ববর্তী জায়গায় আবার আগুন লাগে। প্রায় ছয় সাত একর এলাকা জুড়ে এ আগুন ছড়িয়ে পড়ে।