সুন্দরবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে
সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে গত বুধবার বিকেলে সূত্রপাত হওয়া আগুন গতকাল শুক্রবার দুপুরের পর অনেকটা নিয়ন্ত্রণে এসেছে৷ ফায়ার সার্ভিস ও বন বিভাগ আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে ওই এলাকায় গতকাল সকাল থেকে মাটি কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখায় দুপুরের পর থেকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে৷
আবার আগুন জ্বলে উঠতে পারে—এমন আশঙ্কায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস আজ শনিবার পর্যন্ত পুরো জায়গাটি পর্যবেক্ষণে রাখছে৷ বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আবারও আগুন ছড়িয়ে পড়লে তা মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে৷
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী গতকাল বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকেই বনের ভূ-উপরিস্থ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু মাটির নিচের অংশে আগুন ধিকিধিকি জ্বলছিল৷ শুক্রবার সকাল থেকেই আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে মাটি কেটে পুরো এলাকা পানি দিয়ে বারবার ভিজিয়েছি৷ ফলে মাটির নিচের আগুন আর ওপরে উঠতে পারেনি৷ তারপরও আমিসহ বন বিভাগের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা কাল শনিবার (আজ) পর্যন্ত আগুন লাগা জায়গা পর্যবেক্ষণে রাখছি৷ যাতে মাটির নিচের আগুন ওপরে উঠে ছড়িয়ে পড়তে না পারে৷’
আমির হোসাইন চৌধুরী জানান, বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে রোববারের মধ্যে জানাবে৷ এ কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাংমারী স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম ও জিউধরা স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহামুদ৷
গত বুধবার বিকেল পাঁচটার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালী ক্যাম্পসংলগ্ন বাইশের চিলা ও পয়ষট্টি চিলার মাঝামাঝি বনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা বলাবাগানে আগুন লাগে৷ রাতে বন বিভাগের তৎপরতায় ওই আগুন নিভিয়ে ফেলা হয়৷ তবে বৃহস্পতিবার সকালে বাতাস ও সূর্যের প্রখর তাপে ওই স্থানের পার্শ্ববর্তী জায়গায় আগুন লাগে৷ একপর্যায়ে আগুন ছয়-সাত একর এলাকায় ছড়িয়ে পড়ে৷