সুন্দরবনের আগুন নিভেছে

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনে নাংলি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন পুরোপুরি নিভেছে। দুই দিন চেষ্টার পর আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুন সম্পূর্ণ নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নাংলি টহল ফাঁড়ির মাদ্রাসার ছিলা এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে আগুনের ধোঁয়া দেখতে পান বনকর্মী ও স্থানীয় ব্যক্তিরা। এরপর স্থানীয় লোকজন ও বন বিভাগের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন।
বনের যে অংশে আগুন লেগেছে, সেখানে বড় কোনো গাছ নেই। গেওয়া, বলা, সিংড়াসহ লতাগুল্ম-জাতীয় গাছ রয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মাসুদুর রহমান সরদার বিকেলে এই প্রতিবেদককে বলেন, এখন ওই এলাকার আর কোথাও আগুন বা ধোঁয়া নেই। অগ্নিকাণ্ডের কারণে নাংলি টহল ফাঁড়ির মাদ্রাসার ছিলা এলাকায় সাড়ে চার একর এলাকার লতাগুল্ম পুড়ে গেছে বলে জানান তিনি।
এর আগে আগুন যাতে নতুন করে আর ছড়াতে না পারে, সে জন্য গতকাল রাতেই নাংলি টহল ফাঁড়ির মাদ্রাসার ছিলা এলাকার প্রায় পৌনে পাঁচ একর এলাকাজুড়ে ফায়ার লাইন কাটা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম শনিবার সকালে প্রথম আলোকে বলেন, বনকর্মী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় কয়েক শ মানুষ অংশ নেন। আজ বিকেলে আগুন সম্পূর্ণ নিভে গেছে। ওই এলাকার আর কোথাও কোনো আগুন বা ধোঁয়া নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন বন থেকে বেরিয়ে আসছেন।
ডিএফও সাইদুল ইসলাম বলেন, আগুনের কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মেহেদীজ্জামান প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। আগামীকাল রোববার থেকে কমিটি কাজ শুরু করবে। তাদের প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এসিএফ মেহেদীজ্জামান বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হবে।
ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদুর রহমান সরদার বলেন, ‘আগুনের কারণ জানতে বন বিভাগ তদন্ত করছে। তবে আমরা যত দূর জানতে পেরেছি বনের যে এলাকায় আগুন লেগেছে, সেখানে মধুসহ কোনো প্রকার বনজ সম্পদ আহরণের অনুমিত নেই। সেই হিসাবে মধু সংগ্রহকারী বা জেলেদের কারণে আগুন ধরার কথা না। তবে আগুন কী কারণে লেগেছে, তা এখনই বলা সম্ভব না।’
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বন বিভাগ গঠিত তদন্ত কমিটি তাঁদের কাছে কোনো সহযোগিতা চাইলে তাঁরা করবেন বলেও জানান মাসুদুর রহমান।