সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় বন বিভাগ ছয় দুর্বৃত্তকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
আজ শনিবার বিকেল চারটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তিনি আরও বলেন, গত বুধবার বিকেলে ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বনের সাড়ে তিন একর জায়গার গাছ ও লতাগুল্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে আজ সুন্দরবনে আগুন লাগার স্থান পরিদর্শনে গেছেন প্রধান বন সংরক্ষক ইউনুস আলী। আগামীকাল রোববার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।
গত ২৭ মার্চ, ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চতুর্থ দফায় গত বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৩ এপ্রিল অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে আট একর বনভূমি পুড়ে যায়। বনজ সম্পদ ও পরিবেশের ক্ষতি হয় সাত লাখ টাকার বেশি। আগুন লাগার বিষয়টি পরিকল্পিত ছিল বলেই বন বিভাগ রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হাওলাদার ওরফে শাহজাহান শিকারি ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ১৬ এপ্রিল আদালতে বন আইনে মামলা করে। মামলার সব আসামি শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে নাংলী ক্যাম্পের কর্মকর্তা ও দুই নৌকা চালককে সাময়িক বরখাস্ত করে বন বিভাগ।