সুন্দরবনের আগুন, পুরো নিয়ন্ত্রণে আসেনি

সুন্দরবনে আগুনে অন্তত পাঁচ একর এলাকা পুড়ে গেছে। গত বুধবার বিকেলে সূত্রপাত হওয়া ওই আগুন গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷ ছড়িয়ে-ছিটিয়ে আগুন জ্বলছিল৷ বনকর্মী, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছেন৷
বুধবার শেষ বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলা এলাকায় বন থেকে ধোঁয়া উঠতে দেখে বনকর্মীরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে৷ আগুন নিভে যাওয়ার পর তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে৷
গতকাল রাত আটটায় ঘটনাস্থল থেকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী জানান, বনের ভূ-উপরিস্থ এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ কিন্তু মাটির নিচের অংশে আগুন রয়ে গেছে৷ এই অংশের ভূমি আধা পচা পাতা ও লতা-গুল্ম দিয়ে গঠিত৷ এখানে জোয়ার-ভাটার পানি না আসায় এবং টানা বৃষ্টিহীনতায় মাটির নিচের অংশে ছাইচাপা আগুন রয়ে গেছে৷ তা বিরতি দিয়ে জ্বলছে৷
আমির হোসাইন চৌধুরী জানান, পূর্ব বিভাগের যেসব এলাকায় প্রতিবছর আগুন লাগে, সেসব এলাকার মধ্যে গুলিশাখালীর ওই এলাকা অন্যতম। আগুনে ঝোপ, লতা ও গুল্মজাতীয় কিছু গাছ পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অবশ্য স্থানীয় অধিবাসীরা প্রাথমিকভাবে বন বিভাগের কাছে আগুন লাগার তিনটি কারণ চিহ্নিত করেছেন৷ প্রথমত, মৎস্যজীবীদের রান্নার চুলা থেকে আগুন লাগতে পারে৷ দ্বিতীয়ত, মধু আহরণের জন্য মৌচাকে মৌয়ালদের দেওয়া ধোঁয়ার জন্য তৈরি আগুন সঠিকভাবে না নেভানোর ফলে তা ছড়িয়ে পড়ে থাকতে পারে এবং তৃতীয়ত, বন্য প্রাণী শিকার বা অন্য কোনো কারণে বনদস্যুদের জ্বালানো আগুন ছড়িয়ে এ অবস্থা হয়ে থাকতে পারে৷
ঘটনাস্থল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আরিফুল হক মুঠোফোনে জানান, বনের সাত-আট একর এলাকায় বিক্ষিপ্তভাবে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। যেখানে ধোঁয়ার কুণ্ডলী উঠছে, সেখানেই পানি দেওয়া হচ্ছে। আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চলছে। কিন্তু মাটির নিচ থেকে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।
সুন্দরবন পূর্ব বিভাগের সংরক্ষিত নথি ও বিভিন্ন সময়ে বনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনভূমির উত্তর ও উত্তর-পূর্বাংশে কিছু নিচু এলাকায় প্রায় প্রতিবছর বসন্তের শেষে এবং গ্রীষ্ম মৌসুমের শুরুতে প্রবল বাতাস ও দাবদাহের সময় আগুন লাগে৷ এসব এলাকায় বর্ষায় পানি জমে, শীতকালে শুকিয়ে যায়। এসব এলাকায় সাধারণত গুল্ম, ঘাস, লতাপাতা ও ঝোপজাতীয় গাছ দেখা যায়৷ বড় গাছ জন্মে না। সারা বছর গাছের পাতা ঝরে পানিতে পড়ে আধা পচা পাতার স্তর তৈরি হয়। শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে ঝরা পাতার এই স্তরের ভাঁজে মিথেন গ্যাস জমে। এ অবস্থায় প্রখর সূর্যতাপ বা বনজীবীদের ব্যবহৃত আগুন থেকে এসব এলাকায় আগুন লাগে। মিথেন গ্যাসের প্রভাবে আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বাড়ে।
বন বিভাগ বলছে, বৈশিষ্ট্য অনুযায়ী এ ধরনের আগুন দাউ দাউ করে জ্বলে না, পাতার নিচে মাটি ও শেকড়ের ভেতর দিয়ে বিক্ষিপ্তভাবে ধিকিধিকি জ্বলে উত্তাপ ও ধোঁয়া সৃষ্টি করে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে নদী-খাল অর্থাৎ পানির উৎস না থাকলে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হয়।